রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কে সৌহার্দ্য সামাজিক সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার ত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের কণ্ঠস্বর। বারবার নির্যাতন ও রাজনৈতিক চাপের মুখেও তিনি কখনো আপস করেননি। তার আদর্শেই বিএনপি আজও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে।
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দল-মত নির্বিশেষে সবাই অংশ নেন।
এ সময় সৌহার্দ্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এ আয়োজন করেছেন। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনটি ভূমিকা রাখবে বলে তারা জানান।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে আয়োজকরা অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
হাফিজুর রহমান 









