নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি জমি দখল করে রাখা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, সরকারের এক শতাংশ জমিও ছাড় দেওয়া হবে না। যেখানেই সরকারি জমি দখল করে রাখা হয়েছে, সেখান থেকেই তা পুনরুদ্ধার করা হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগারের উপকরণ, নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ করা হয় অনুষ্ঠানে। একই সঙ্গে তারাবো পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘এ সরকার রাতের ভোটের সরকার নয়, এ সরকার গণতান্ত্রিক সরকার। তারেক রহমানের সরকার ১৮ কোটি মানুষের নির্বাচিত সরকার। অতএব সারা বাংলাদেশের পাশাপাশি রূপগঞ্জেও যেখানেই সরকারি জমি দখলে রাখা হয়েছে, তা পুনরুদ্ধার করা হবে। সরকারি জমি উদ্ধারের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’
তিনি বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। দখলদারদের কাছ থেকে সরকারি জমি উদ্ধার করে তা জনস্বার্থে ব্যবহার নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জের অনেক মানুষ ভূমিহীন হয়ে পড়ছেন এবং বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। এসব নিরীহ মানুষের নিরাপদ বসবাস নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ‘এক শ্রেণির লোক সরকারি জমিগুলো দখল করে রেখেছে। আজকে ছেলেমেয়েদের খেলাধুলার মাঠ নেই। সরকারি জমিগুলো উদ্ধার করে সেখানে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য মাঠ তৈরি করতে হবে।’
এ সময় তিনি সরকারি জমি উদ্ধারের পাশাপাশি উদ্ধার করা জমি জনকল্যাণে ব্যবহারের দাবি জানান।
তারাবো পৌরসভা ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপনসহ রূপগঞ্জ থানা ও তারাবো পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 


















