স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে সম্মিলিতভাবে গণসচেতনতা গড়ে তুলে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
রূপগঞ্জের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এর বাস্তবায়ন করা হবে। তবে শুধু সরকারি উদ্যোগে স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়; এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। অথচ উপজেলার একমাত্র সরকারি হাসপাতালে জনসংখ্যার তুলনায় শয্যাসংখ্যা অত্যন্ত কম। তিনি ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার পাশাপাশি হাসপাতালটি ২৫১ শয্যায় উন্নীত করার দাবি জানান।
তিনি বলেন, রূপগঞ্জের বিপুল জনগোষ্ঠীর জন্য আধুনিক ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা করেন তিনি।
মেডিকেল ক্যাম্পে ১৩টি পৃথক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা দেন। কয়েক হাজার মানুষ ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র ও ওষুধ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এ এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানসহ নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 

















