নারায়ণগঞ্জের গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এমপি।
দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এমপি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে ওঠে।”
তিনি শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার আহ্বান জানান।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথি। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 


















