জনদুর্ভোগ লাঘব ও যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সড়ক সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া। এরই অংশ হিসেবে সোমবার (১০ আগস্ট) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভাঙাচোরা সড়ক সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া বলেন, ইউনিয়নের প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করতে নিয়মিত রুটিন মাফিক পরিদর্শন করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া সড়ক, ড্রেন ও অন্যান্য জনকল্যাণমূলক অবকাঠামো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। জনগণের চলাচলে যাতে দুর্ভোগ না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দক্ষিণবাগ মাস্টারবাড়ি থেকে ট্যাগবাড়ি পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ ফুট দীর্ঘ সড়কের মধ্যে ইতোমধ্যে পর্যায়ক্রমে ১ হাজার ১০০ ফুটের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৭০০ ফুট অংশের কাজও বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত শেষ করা হবে বলে জানান তিনি।
এ ছাড়া ইসাপুর-রূপগঞ্জ সড়ক থেকে আলিয়া মাদ্রাসা হয়ে দক্ষিণবাগ কোণাপাড়া পর্যন্ত সড়ক এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মন্দিরসংলগ্ন সড়কের সংস্কারকাজও দ্রুত শুরু করার কথা জানান ইউপি প্রশাসক। তিনি বলেন, প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এসব সড়কের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক পরিদর্শনের পাশাপাশি স্থানীয় প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন নুরুন্নবী ভূঁইয়া। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিকদের প্রয়োজনের কথা শোনেন এবং তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
এ সময় তিনি রূপগঞ্জ ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ অভিযান অব্যাহত রাখার কথাও জানান। জনস্বার্থে উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 


















