শেরপুর জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আলোচিত তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এর আগে, ২০২৪ সালের ১৭ নভেম্বর স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের পেশাদার সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় ডা. সেলিম মিঞার বিরুদ্ধে জেলার সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ওই সময় তার অপসারণ ও শাস্তির দাবিতে এলাকায় ব্যাপক বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ডা. সেলিম মিঞা ২০১৮ সালে গঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) শেরপুর জেলা শাখার নির্বাহী কমিটির অন্যতম শীর্ষ নেতা ও সদস্য ছিলেন। হাসপাতালের কোটি কোটি টাকার দরপত্র, কেনাকাটা, ওষুধ বণ্টন এবং আউটসোর্সিং জনবল নিয়োগের মতো গুরুত্বপূর্ণ ও আর্থিক সংশ্লিষ্ট বিষয়গুলো তার তত্ত্বাবধানে ও নির্দেশনায় পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন বলেন, গতকাল অফিসিয়ালি প্রজ্ঞাপনের চিঠি পেয়েছি। আজকের মধ্যেই নতুন নিযুক্ত তত্ত্বাবধায়কের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















