নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নূরনবী ভুঁইয়া। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের পূর্বের ১২ সদস্যকে অপসারণ করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪ পর্যন্ত)-এর ১৮(১) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় জনস্বার্থে ১২০ দিনের জন্য প্রশাসক ও সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। এ সময়ে প্রশাসক ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং নিয়োগপ্রাপ্ত সদস্যরা প্রশাসককে দায়িত্ব পালনে সহায়তা করবেন।
নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন— রূপগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওবায়দুল হক ইয়াজুল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়বুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সফিউদ্দিন মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফ মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মামুন হোসেন ভূঞা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আল আমিন মাসুদ, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা দলের নেত্রী হাসনারা বেগম এবং রুমি আক্তার।
স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, এই নিয়োগ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে এবং সর্বোচ্চ ১২০ দিন অথবা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
নারায়ণগঞ্জ সংবাদদাতা 


















