নারায়ণগঞ্জে পৃথক মেট্রোপলিটন পুলিশ (এনএমপি) গঠনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর ডিও (ডেমি-অফিসিয়াল) লেটার দিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)।
গত ২৮ জুন পাঠানো ওই চিঠিতে তিনি বলেন, দেশের শিল্পায়ন, রপ্তানি, বিনিয়োগ, কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতে নারায়ণগঞ্জের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘প্রাচ্যের ডান্ডি’ হিসেবে পরিচিত এই জেলা দীর্ঘদিন ধরে তৈরি পোশাক, নিটওয়্যার, হোসিয়ারি, টেক্সটাইল, ডাইং, প্লাস্টিক, কেমিক্যাল, সিমেন্ট, স্টিল ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে ভূমিকা রেখে আসছে। জেলায় রয়েছে আদমজী ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, শিল্পপার্ক এবং হাজারো শিল্পপ্রতিষ্ঠান। প্রতিদিন এসব শিল্পকে ঘিরে বিপুল অঙ্কের অর্থনৈতিক লেনদেন হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জনশুমারি ও বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জে নিবন্ধিত বড় ও মাঝারি শিল্প ইউনিটের সংখ্যা প্রায় ২ হাজার ৪০৯টি। ক্ষুদ্র, কুটির ও নিবন্ধিত-অনিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠান মিলিয়ে এ সংখ্যা ১০ হাজারেরও বেশি। জেলার জনসংখ্যা প্রায় ৩৯ লাখ। জাতীয় মোট দেশজ উৎপাদনে (জিডিপি) জেলার অবদান ৮ থেকে ৯ শতাংশ বলে চিঠিতে দাবি করা হয়েছে।
এমপি দিপু বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, আদমজী ইপিজেড, ফতুল্লা বিসিক শিল্পনগরী, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁ ও আড়াইহাজারে প্রতিদিন লক্ষাধিক শ্রমিক, ব্যবসায়ী, পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষের চলাচল হয়। শিল্পাঞ্চল হিসেবে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, শিল্প নিরাপত্তা ও অপরাধ দমনে বিদ্যমান জেলা পুলিশ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়নের সম্প্রসারণ, নগরায়ণ এবং যানবাহনের চাপ বাড়ায় জেলা পুলিশের পক্ষে পুরো এলাকার নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি ও দ্রুত নাগরিকসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এর ফলে যানজট, চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং এবং শিল্পাঞ্চলে শ্রম অস্থিরতার মতো সমস্যাও বাড়ছে।
ডিও লেটারে উল্লেখ করা হয়, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, খুলনা ও রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশ চালুর পর নগর ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। একইভাবে দেশের অন্যতম বৃহৎ শিল্প ও বাণিজ্যকেন্দ্র নারায়ণগঞ্জেও একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর নারায়ণগঞ্জ মেট্রোপলিটন পুলিশ (এনএমপি) গঠন সময়ের দাবি।
চিঠিতে বলা হয়, মেট্রোপলিটন পুলিশ গঠন করা হলে শিল্প ও বিনিয়োগের নিরাপত্তা আরও জোরদার হবে, অপরাধ দমন ও গোয়েন্দা কার্যক্রম শক্তিশালী হবে, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং নাগরিকসেবা আরও দ্রুত ও সমন্বিতভাবে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সুদৃঢ় হওয়ার পাশাপাশি পরিকল্পিত শিল্পনগরী হিসেবে নারায়ণগঞ্জের সক্ষমতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও বাড়বে।
এসব বিবেচনায় জেলার সার্বিক উন্নয়ন, শিল্প নিরাপত্তা, বিনিয়োগ সুরক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নারায়ণগঞ্জ মেট্রোপলিটন পুলিশ গঠনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের এই সংসদ সদস্য।
নারায়ণগঞ্জ সংবাদদাতা 


















