সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। চূড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার-ফাইনালের লাইনআপ।
চমক জাগানিয়া পারফরম্যান্স যেমন হয়েছে, তেমনি রুদ্ধশ্বাস কিছু জয়ের দেখা মিলেছে শেষ ষোলোয়। এই ধাপের প্রথম ম্যাচে তিন আয়োজকের একটি কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে টানা দ্বিতীয়বার কোয়ার্টার-ফাইনালে ওঠে মরক্কো। গতবার সেমি-ফাইনালে খেলা আফ্রিকার দলটি এবার এখনও কোনো ম্যাচ হারেনি। গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটি জয়ের পাশাপাশি ব্রাজিলের সঙ্গে ড্র করে তারা। শেষ আটে মরক্কোর সামনে এবার ফ্রান্স, যাদের বিপক্ষে গতবার সেমি-ফাইনালে হেরেছিল তারা।
বিশ্বকাপের সূচি
তীব্র গরমের মধ্যে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় গতবারের ফাইনালিস্ট ফ্রান্স। আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটি জিতেছে তারা, গোল করেছে মোট ১৪টি।
এই রাউন্ডে সবচেয়ে বড় চমক দেখায় ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দেয় ইউরোপের দলটি। ১১ মিনিটের ব্যবধানে গোল দুটি করে তাদের জয়ের নায়ক তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড।
চলতি আসরের আগে বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের কোনো জয় ছিল না, তারাই এই ধাপে টানা দুটি ম্যাচ জিতে প্রথমবারের মতো উঠেছে কোয়ার্টার-ফাইনালে। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে জয়ের পর, ফ্রান্সের বিপক্ষে হেরেছিল তারা।
শেষ আটে নরওয়ে খেলবে ইউরোপের আরেক দল ইংল্যান্ডের বিপক্ষে।
শেষ ষোলোয় অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেও রুদ্ধশ্বাস লড়াইয়ে সহ-আয়োজক মেক্সিকোকে ৩-২ গোলে হারায় টমাস টুখেলের ইংল্যান্ড।
১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ীরা আসরে এখনও অপরাজিত, গ্রুপ পর্বে দুটি জয়ের বিপরীতে একটি ড্র করে তারা। আর শেষ বত্রিশে দলটি হ্যারি কেইনের জোড়া গোলে হারায় ডিআর কঙ্গোকে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে ওঠে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। বদলি নেমে ৯১তম মিনিটে গোলটি করেন মিকেল মেরিনো।
টানা ৩৫ ম্যাচে অপরাজিত আছে স্পেন (২৬ জয়, ৯ ড্র)। আসরের প্রথম ভাগে দুই জয় ও এক ড্রয়ে গ্রুপ সেরা হওয়া দলটি শেষ বত্রিশে উড়িয়ে দেয় অস্ট্রিয়াকে।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে লুইস দে লা ফুয়েন্তের দল খেলবে বেলজিয়ামের বিপক্ষে। শেষ ষোলোয় সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বেলজিয়াম। এই পর্বে ম্যাচে চার গোল করা একমাত্র দল তারা।
গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর, শেষটিতে নিউ জিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে নকআউটে জায়গা করে নেয় বেলজিয়াম। শেষ বত্রিশে সেনেগালের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকে, নির্ধারিত সময়ের শেষ দিকে দুই গোল করে ঘুরে দাঁড়ায় তারা, অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে তুলে নেয় রোমাঞ্চকর জয়।
শেষ বত্রিশে নবাগত কেইপ ভার্ডের বিপক্ষে ১২০ মিনিটের লড়াইয়ে ৩-২ গোলে জয়ের পর, শেষ ষোলো থেকে বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল শিরোপাধারী আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল তারা। পরের ১৩ মিনিটে তিন গোল করে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে আসরে টিকে যায় লিওনেল স্কালোনির দল।
নকআউটের প্রথম দুই ম্যাচেই আর্জেন্টিনার জয় ৩-২ গোলে। গ্রুপ পর্বেও তিন ম্যাচের সবকটি জেতে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।
সেমি-ফাইনালের টিকেট পাওয়ার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবেন মেসি-আলভারেসরা। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে সুইসরা।
দুই জয় ও এক ড্রয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে ওঠা সুইজারল্যান্ড শেষ বত্রিশে হারায় আলজেরিয়াকে।
কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:
ফ্রান্স-মরক্কো
স্পেন-বেলজিয়াম
নরওয়ে-ইংল্যান্ড
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড
খেলা ডেস্ক 


















