নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর এলাকায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে শনিবার (২৩ মে) নতুন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি দিপু বলেন, রূপগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোনো এলাকার সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই জনগণের দুর্ভোগ কমাতে এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে এ সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তারাবো এলাকার মানুষ চলাচলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন এই সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।
এমপি দিপু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। জনগণের টাকায় পরিচালিত উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, তারাবো এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের। অবশেষে সড়ক নির্মাণ কাজ শুরু হওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হলে এলাকার যানজট কমবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।
স্থানীয় বাসিন্দারাও সড়ক নির্মাণ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা সড়কের কারণে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছিল। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন চলাচলে বেশি সমস্যা হতো। এখন নতুন সড়ক নির্মাণের ফলে এলাকার মানুষের দুর্ভোগ অনেকাংশে কমবে বলে তারা মনে করছেন।
উদ্বোধন শেষে এমপি দিপু নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 


















