সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজারে বার্ষিক ওরস শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাজারে ভক্ত-অনুরাগীদের ঢল নামে। সকাল থেকে গিলাফ নিয়ে দলে দলে ভক্ত-আশেকানরা মাজারে প্রবেশ করেন। এসময় ‘লালে লাল, বাবা শাহজালাল’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাজার এলাকা। শুক্রবার (৮ মে) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই ওরস।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তদের কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগান। ওরস উপলক্ষে মাজার এলাকায় জিকির, কোরআনখানি ও বিভিন্ন ধর্মীয় আয়োজন চলছে। এদিকে ভক্তদের দেওয়া দানকৃত শতাধিক গরু ও খাসি জবাই করে শিরনি প্রস্তুতের কাজও শুরু হয়েছে। শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ওরসের সমাপ্তি হবে। পরে শিরনি বিতরণ করা হবে।
এর আগে ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গত সোমবার বিকেলে তিনি মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন। ওরস উপলক্ষে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মাজারে এসে ভিড় জমাতে শুরু করেছেন ভক্ত-অনুরাগীরা। ওরসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মাজার সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রথমে শাহজালাল মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে গিলাফ পরিবর্তন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও গিলাফ প্রদান করা হয়েছে। এরপর ভক্ত-আশেকানরা পর্যায়ক্রমে গিলাফ চড়াচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
জারের খাদেম শামুন মাহমুদ খান জানান, সকালে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওরসে শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ওরসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান।
শামুন আরো জানান, ওরসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এ ছাড়া মেডিক্যাল টিমের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
সিলেট সংবাদদাতা 















