“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক যাচাইকরণ পরীক্ষা চলছে। মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়, যেখানে বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশী প্রার্থী অংশ নেন।
নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনে প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর আওতায় বিভিন্ন ধাপে পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ছিল ২০০ মিটার দৌড়, নির্ধারিত সময়ের মধ্যে পুশ-আপ, লং জাম্প এবং হাই জাম্প। প্রতিটি ধাপে প্রার্থীদের শারীরিক সক্ষমতা, সহনশীলতা ও ফিটনেস যাচাই করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সুশৃঙ্খল, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি (ইন্সপেকশন-২) নিশাত অ্যাঞ্জেলা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা মাঠপর্যায়ে থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। তারা পরীক্ষার প্রতিটি ধাপ নিবিড়ভাবে মনিটরিং করেন, যাতে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ না থাকে।
নিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ পুলিশে যোগদানের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। তাই প্রাথমিক বাছাইপর্বে প্রার্থীদের ফিটনেস যাচাইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
এদিকে, আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখে দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য PET-এর আরও কঠিন ধাপ অনুষ্ঠিত হবে। ওইদিন ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের সহনশীলতা ও দক্ষতা আরও গভীরভাবে যাচাই করা হবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুরো নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাখতে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা তদবির ছাড়াই যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নারায়ণগঞ্জ সংবাদদাতা 
















