রাজধানীর দক্ষিণখান থানাধীন ৪৯ নম্বর ওয়ার্ডের আশকোনা পানির পাম্প মেইন সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার অবসানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। রমজান মাসে সরেজমিনে সড়কটি পরিদর্শন করে এলাকাবাসীকে এ আশ্বাস দেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ডিএনসিসি-এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সকাল ও বেলা আড়াইটার দিকে পৃথক সময়ে পরিদর্শনে এসে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা রাস্তার খানাখন্দ, ভাঙাচোরা অংশ ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগের চিত্র তুলে ধরেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে বৃষ্টি হলে পানি জমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহন এবং অফিসগামী মানুষকে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যবসায়ীরাও জানান, পরিবহন সংকটের কারণে পণ্য আনা-নেওয়ায় বাড়তি খরচ ও সময় নষ্ট হচ্ছে।
পরিদর্শনকালে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “এলাকাবাসীর কষ্ট লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আশকোনা পানির পাম্প মেইন রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। কাজ শুরুর বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, সড়কটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে। প্রয়োজনীয় প্রাক্কলন ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে কাজ শুরু করা হবে বলে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
পরিদর্শন শেষে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে। তারা আশা প্রকাশ করেন, ঘোষিত উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হলে আশকোনা এলাকার দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং ৪৯ নম্বর ওয়ার্ডের যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হবে।
হাফিজুর রহমান 














