নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জহিরুল ইসলাম মোহন-এর মালিকানাধীন বি-ব্রাদার্স গার্মেন্টস কোম্পানিতে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে তীব্র শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা রূপসী মৈকুলী এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কারখানার শতাধিক শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়কে নেমে আসেন এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকে পড়ে। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, কয়েক মাস ধরে তাদের নিয়মিত বেতন দেওয়া হচ্ছে না। পাশাপাশি উৎসব বোনাসও বকেয়া রয়েছে। এক নারী শ্রমিক বলেন, “আমরা কষ্ট করে কাজ করি, কিন্তু ঠিকমতো বেতন পাই না। বাসাভাড়া, বাজার খরচ—সবকিছু চালানো কঠিন হয়ে গেছে।” আরেক শ্রমিক জানান, মালিকপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবে বকেয়া পরিশোধে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের দাবির বিষয়টি শোনেন এবং পরে মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। এমপি দীপু ভুঁইয়া শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান এবং দ্রুত বকেয়া পরিশোধের বিষয়ে সমাধানের আশ্বাস দেন। তার হস্তক্ষেপের পর শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপি জহিরুল ইসলাম মোহন বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তিনি পূর্বে নরসিংদী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের ন্যায্য দাবি ও পাওনা আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন ও বোনাস পরিশোধ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 














