নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর আপ্যায়নে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানীয় মিষ্টির স্বাদ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। গত ১৯ অক্টোবর রূপগঞ্জ সফরকালে তাঁকে স্থানীয় মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন দিপু ভূঁইয়া। বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ নিয়ে নিজের ভালো লাগার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন মার্কিন এই কূটনীতিক।
মিষ্টি খাওয়ার অভিজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘মিষ্টি ছাড়া দিনটা যেন অপূর্ণ! স্থানীয় মিষ্টির স্বাদ নিতে এবং বাংলাদেশের সুস্বাদু ঐতিহ্যকে সবার কাছে পৌঁছে দেওয়া মানুষগুলোর সঙ্গে পরিচিত হতে থেমেছিলাম মিষ্টি কথায়।’
বাংলাদেশের খাবার ও ঐতিহ্যের প্রতি তাঁর এই আগ্রহ স্থানীয় মিষ্টির স্বাদ এবং এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের শ্রম ও ঐতিহ্যকে তুলে ধরেছে। রূপগঞ্জ সফরকালে সংসদ সদস্য দিপু ভূঁইয়ার আতিথেয়তায় স্থানীয় মিষ্টির স্বাদ নেওয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 
















