দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে শীতলক্ষ্যা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (৩ অক্টোবর) এ প্রতিযোগিতা ঘিরে নদীর দুই পাড়ে নামে লাখো মানুষের ঢল। উৎসবমুখর পরিবেশে পুরো এলাকায় সৃষ্টি হয় ঈদের আমেজ।
কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শক। কেউ নদীর তীরে দাঁড়িয়ে, আবার কেউ নৌকায় ভেসে প্রতিযোগিতা উপভোগ করেন। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে নদীতীর পরিণত হয় মিলনমেলায়। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এ আয়োজন ফিরে আসায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে ২৫টি নৌকা অংশ নেয়। শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হয় এ নৌকাবাইচ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাইচালরা নিজ নিজ নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগীদের বৈঠার ছন্দ ও নৌকার গতির সঙ্গে তাল মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরা। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে রাখা হয় মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন।
দর্শকেরা জানান, দীর্ঘ ১৫ বছর পর নৌকাবাইচ দেখতে পেরে তাঁরা আনন্দিত। এ আয়োজনের মধ্য দিয়ে এলাকার ঐতিহ্য ও সংস্কৃতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান তাঁরা।
দর্শকদের মতে, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। নৌকাবাইচের মতো ঐতিহ্যবাহী আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণেও ভূমিকা রাখতে পারে।
দীর্ঘ বিরতির পর শীতলক্ষ্যার বুকে নৌকাবাইচ আয়োজনকে ঘিরে কাঞ্চন ও আশপাশের এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয়দের প্রত্যাশা, এ আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে এবং প্রতিবছর আরও বড় পরিসরে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

















